প্রাণে আর সহেনা দারুন জ্বালা 
মরণ ভালা, প্রাণে আর সহেনা দারুন জ্বালা 
প্রেম-ফুলের গন্ধে 
ঠেকিয়াছি ফান্দে 
গলেতে পরেছি প্রেম-মালা 
মরণ ভালা 
প্রাণে আর সহেনা দারুন জ্বালা 

আহার না লয় গো মনে 
নিদ্রা নাই দুই নয়নে 
শয়নে-স্বপনে যায়না ভোলা 
বুঝাইলে না বুঝে মনে 
জ্বলে মরি প্রেমাগুনে 
অদর্শনে মন-প্রাণ উতলা 
মরণ ভালা 
প্রাণে আর সহেনা দারুন জ্বালা 

কোকিল মত্ত মধুর গানে 
ভ্রমর মত্ত মধুপানে 
বসে রই আমি যে নিরালা 
দিয়া আমায় প্রেমালিঙ্গন 
শান্ত কর পুড়া এ মন 
সরল তুমি নাম তোমার সরলা 
মরণ ভালা 
প্রাণে আর সহেনা দারুন জ্বালা 

বাউল আব্দুল করিম বলে 
গণার দিন ফুরাইয়া গেলে 
যাবো চলে আমি যে একেলা 
ভাই-বন্ধু পিতা-মাতায় 
কি করিবে ভবের মায়ায় 
দমের কোঠায় লাগবে যেদিন তালা 
মরণ ভালা 
প্রাণে আর সহেনা দারুন জ্বালা 

প্রেম-ফুলের গন্ধে 
ঠেকিয়াছি ফান্দে 
গলেতে পরেছি প্রেম-মালা 
মরণ ভালা 
প্রাণে আর সহেনা দারুন জ্বালা 

Comments